এবার মুকুল বনাম প্রশান্তের লড়াই শুরু
তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর যে ভাঙন ধরিয়েছিলেন, তা তৃণমূলের ভোট কৌশলীর দায়িত্ব নিয়ে রুখে দেন প্রশান্ত কিশোর। তারপর থেকে মুকুল রায় প্রায় নির্লিপ্ত থাকলেও এবার পদ পেয়ে খেলা শুরু করে দিয়েছেন। তৃণমূল বনাম বিজেপির দল ভাঙানোর প্রথম লেগের খেলায় তো জয় হয়েছে প্রশান্ত কিশোরের। দ্বিতীয় লেগের খেলায় কী হবে, তা নিয়েই টানটান উত্তেজনা। এতদিন একতরফা প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূল শক্তি বাড়িয়ে চলছিল।
দিলীপ ঘোষের গড়ে পর্যন্ত প্রত্যাঘাত করেছে তৃণমূল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরওয়াপসির ডাক দেওয়ার পর বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে ফিরেছেন। প্রথম থেকেই বিজেপিতে রয়েছেন এমনও অনেকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবার বিজেপিতে গুরুত্ব আসন পেয়ে মুকুল রায় ফের ২০১৯-এর খেলা শুরু করে দিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুকুল রায়ই একমাত্র পারেন তৃণমূল ভেঙে ফের বিজেপির পালে হাওয়া বইয়ে দিতে।
সেইমতোই পরিকল্পনা করছেন মুকুল রায়। মুকুল রায় এবার তাঁর পুরনো যোগাযোগ কাজে লাগাতে শুরু করেছেন। ফের তৃণমূলের গুরুত্ব না পাওয়া নেতাদের দলে ভিড়িয়ে তিনি প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন। বিজেপি ২০২১-এর লক্ষ্যে দলবদল প্রক্রিয়া শুরু করে দিয়েছে। একেবারে হিসেবে কষে দলবদল করানো হচ্ছে। যাঁদের এলাকায় টিকিট দেওয়া যেতে পারে এমন নামই বাছছেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। সেইমতোই দল ভারী করা হচ্ছে।

Post a Comment